Saturday, 4 June 2016

এরা কারা ?

এরা কারা ?এদের চিনি না,
অথচ,রোজ পাতার পর পাতা
জুড়ে থাকে খবরের কাগজে
এদের মুখ আর নিরর্থক বাণী !

এরা কি ভিন্নগ্রহের জীব,
হঠাৎ পড়েছে এসে পৃথিবীর বুকে ?
তাই যে কথা বলে তারা অনর্গল
সে সব কথা বোঝেনা আপামর জন-----
অযথা,অফলপ্রসু কিছু ভাষ্য,
কিছু নিছক সান্ত্বনা ও আশ্বাস,
যা ভরায় না পেট,না যোগায়
পরনের ট্যানা ওই বাগাড়ম্বরে ।

কিছু শ্মশ্রুমুখ,কিছু মসৃণ কামানো গাল
নধর সরেস,কপালে আয়াস কুঞ্চন :
তারা শুধু কন্ঠস্বর নিয়ে বেঁচে আছে,
মন নেই,মননও নেই,কলের পুতুলের
মতো তারা হাত পা নাড়ে, আর
উচ্চারিত শব্দসমূহের উদ্গার
ঝরে পড়ে স্তাবকের করতালি তালে ।

এই কি সেই অদ্ভুত আঁধার ?
যার কথা গত শতকের মাঝামাঝি 
বলে গেছে এক নির্জনতম কবি ?
জানিনা,আবার কবে কোন চিরকিশোরের হাত
ছিঁড়ে আনবে ফুটন্ত সকাল
রাত্রির বৃন্তমূল থেকে ।

No comments:

Post a Comment